সারাদেশ
দুপুরের মধ্যে দেশের ১৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা
দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে দমকা হাওয়াসহ ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার (২৮ মার্চ) ভোর থেকে দুপুর ১টার মধ্যে অন্তত ১৫টি অঞ্চলে এই বৈরী আবহাওয়া দেখা দিতে পারে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকাসহ রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।
পূর্বাভাসে বলা হয়, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর পর্যন্ত নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শও দেয়া হয়েছে।