সারাদেশ

তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ, আহত কর্মী


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৯:৪৭ এএম

তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ, আহত কর্মী
ছবি: সংগৃহীত

নড়াইলের একটি পেট্রোল পাম্পে তেল না পাওয়াকে কেন্দ্র করে ট্রাকচালকের ধাক্কায় পাম্পের ম্যানেজার নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাম্পের আরেক কর্মী।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নড়াইল সদর উপজেলার তানভীর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ পাম্পটির ম্যানেজার ছিলেন, আর আহত জিহাদুল পাম্পের কর্মী।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজের বরাতে জানা যায়, রাত ১২টার দিকে এক ট্রাকচালক পাম্পে তেল নিতে এসে সিরিয়াল ভেঙে আগে তেল দেওয়ার দাবি করেন। কিন্তু পাম্প কর্তৃপক্ষ তাকে লাইনে দাঁড়ানোর অনুরোধ করলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই চালক ক্ষিপ্ত হয়ে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

রাত ২টার দিকে পাম্পের তেল শেষ হয়ে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর রাত আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে নাহিদ ও জিহাদুল পাম্প থেকে বের হওয়ার সময় অভিযুক্ত ট্রাকচালক তাদের ওপর ট্রাক তুলে দেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পরপরই তিনি পালিয়ে যান।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জিহাদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্ত ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।