সারাদেশ

বরিশালে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ঋণের চাপে আত্মহত্যার ধারণা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১১:১৯ এএম

বরিশালে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ঋণের চাপে আত্মহত্যার ধারণা
ছবি: এআই

বরিশাল নগরীতে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় নুপুর আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় নগরীর হাটখোলা এমইপি গলিতে এ ঘটনা ঘটে।

নিহত নুপুর আক্তার একই এলাকার বাসিন্দা এবং সৌদি প্রবাসী সেন্টু হাওলাদারের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি ঋণ করে স্বামীকে বিদেশে পাঠানো হলেও তিনি সেখানে কোনো কাজ পাননি। ফলে ঋণের কিস্তি পরিশোধ, সংসারের খরচ এবং সন্তানদের পড়াশোনা নিয়ে চরম মানসিক চাপে ছিলেন নুপুর। পরিবারের দাবি, এসব চাপ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

নুপুরের বড় মেয়ে সিনথিয়া জানান, প্রাইভেট পড়ে বাসায় ফিরে তিনি ঘরের ভেতরে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানা-এর উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি পুলিশ। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।