সারাদেশ

প্রবাসী বাবার কষ্টের ভাগ নিতে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার চেষ্টা, একমাত্র সন্তানের লাশও পেলেন না বাবা-মা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০২:০৯ পিএম

প্রবাসী বাবার কষ্টের ভাগ নিতে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার চেষ্টা, একমাত্র সন্তানের লাশও পেলেন না বাবা-মা
মোহাম্মদ আবু ফাহিম। ছবি: সংগৃহীত

স্বপ্নভঙ্গের করুণ পরিণতি—লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে সাগরে প্রাণ হারানো ১৯ বছর বয়সী তরুণ মোহাম্মদ আবু ফাহিম–এর মরদেহও ফিরে পাননি তার পরিবার। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কবির নগর গ্রামের বাসিন্দা ফাহিম সৌদি প্রবাসী বাবার কষ্ট ভাগ করে নিতে এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় বিদেশে পাড়ি জমান। কিছুদিন আগে লিবিয়ায় গিয়ে সেখান থেকে ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে বিপজ্জনক সাগরপথে যাত্রা শুরু করেন।

পরিবার সূত্রে জানা যায়, অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকায় করে গ্রিসের উদ্দেশ্যে রওনা দিলেও মাঝপথে দিকভ্রষ্ট হয়ে পড়ে সেটি। টানা ছয় দিন উত্তাল সাগরে ভাসতে থাকা নৌকায় খাদ্য ও পানির সংকটে একে একে নিভে যায় প্রাণ। সেই দুর্ভাগাদের মধ্যেই ছিলেন ফাহিম, যিনি নিহতদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ।

মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছিলেন তিনি। শেষ পোস্টে মায়ের কথা স্মরণ করে আবেগঘন বার্তা দেন, যা এখন পরিবারের কাছে হয়ে উঠেছে শেষ স্মৃতি।

ফাহিমের মা হেলেনা বেগম সন্তানের লাশও না পাওয়ার বেদনায় ভেঙে পড়েছেন। অপরদিকে, বাবা ফয়েজ উদ্দিন ছেলের মৃত্যুসংবাদ শুনে অসুস্থ হয়ে বর্তমানে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফাহিমের মৃত্যু শুধু একটি পরিবারের নয়, বরং ঝুঁকিপূর্ণ সাগরপথে বিদেশ যাওয়ার প্রবণতার ভয়াবহ বাস্তবতাকেই আবারও সামনে এনে দিয়েছে।