সারাদেশ

ছুটির দিনে গল্প করতে অফিসে ডেকে ধর্ষণ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪২ এএম

ছুটির দিনে গল্প করতে অফিসে ডেকে ধর্ষণ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার
ছবিঃ ঢাকাপ্রকাশ

দিনাজপুরের হাকিমপুরে সাপ্তাহিক ছুটির দিনে গল্প করার জন্য নিজ কার্যালয়ে ডেকে নারীকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে এক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। 

গতকাল শুক্রবার (০৩ এপ্রিল) সকালের দিকে এ ঘটনার শিকার হন বলে দাবি ওই নারীর। ভুক্তভোগী নারী হাকিমপুর উপজেলার বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী এবং পেশায় গরুর খামারি। 

পরে ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে রাত ৮টার দিকে হাকিমপুর পৌর শহরের হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। 

আটককৃত ডা. সফিউল ইসলাম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জারুল্যা গ্রামের আতিয়ার রহমানের ছেলে। বর্তমানে তিনি হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস-এ ভেটেরিনারি সার্জন হিসেবে কর্মরত রয়েছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে ওই নারীর পূর্বপরিচয় ছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীকে মোবাইল ফোনে কল করে গল্প করার জন্য তার নিজ কার্যালয়ে ডেকে নেন ওই কর্মকর্তা। সেখানে গেলে নিজ কক্ষের দরজা বন্ধ করে দেন। গল্পের এক পর্যায়ে তিনি ওই নারীকে ধর্ষণ করেন।

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও যৌন ভিডিও সংক্রান্ত অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাকে আটক করা হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার তাকে আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, ওই কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও নারী কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল বলে একাধিক সূত্রে জানা যায়।