সারাদেশ
আওয়ামী লীগ নেতা সুরঞ্জিতের ওপর গ্রেনেড হামলা মামলায় আদালতে আরিফুল-বাবর-গউছ
সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সাবেক নেতা সুরঞ্জিত সেন গুপ্ত-এর ওপর গ্রেনেড হামলার মামলায় আদালতে হাজির হয়েছেন একাধিক প্রভাবশালী নেতা।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার-এর আদালতে উপস্থিত হন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান সরকারদলীয় হুইপ জি কে গউছ।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এটিএম ফয়েজ জানান, ২০০৪ সালের ২১ জুন দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে এ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত ২৯ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল।
তিনি আরও বলেন, মামলাটি দীর্ঘ বিচারিক প্রক্রিয়া অতিক্রম করে বর্তমানে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এদিন আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের জেরা সম্পন্ন হয়। বিচারক আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ সম্পর্কে প্রশ্ন করলে তারা নিজেদের নির্দোষ দাবি করে বক্তব্য দেন।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, আসামিরা শুরু থেকেই এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছেন এবং ন্যায়সঙ্গত রায়ের প্রত্যাশা করছেন।