সারাদেশ
বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন করা হচ্ছে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বগুড়ার। পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে, আর এ ঘোষণা আনুষ্ঠানিকভাবে আসবে আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর সফরকালে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তার প্রথম বগুড়া সফর। সফরসূচির অংশ হিসেবে তিনি নতুন সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন এবং একই দিনে জেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেবেন।
এ বিষয়ে বুধবার (১৫ এপ্রিল) বগুড়া সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
ঘোষিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় সড়কপথে ঢাকা থেকে বগুড়ায় পৌঁছাবেন। সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রস্তুতি নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতাদের সঙ্গে ইতোমধ্যে সমন্বয় সভা হয়েছে।
সফরের শুরুতে তিনি জজ কোর্টে অনলাইনে বেলবন্ড প্রদান কার্যক্রম এবং বার সমিতির নতুন ভবনের উদ্বোধন করবেন। এরপর বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। পাশাপাশি গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটা পরিদর্শন, ফ্যামিলি কার্ড বিতরণ, জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খাল খনন কর্মসূচির উদ্বোধনও করবেন।
বিকাল সাড়ে ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করবেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। জনসভা ও অন্যান্য কর্মসূচি সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি।
উল্লেখ্য, ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা বর্তমানে ২১টি ওয়ার্ড নিয়ে ‘ক’ শ্রেণির পৌরসভা হিসেবে পরিচালিত হচ্ছে। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী এর জনসংখ্যা প্রায় ৪ লাখ। সিটি কর্পোরেশনে উন্নীত হলে নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করা হচ্ছে।