সারাদেশ
নওগাঁয় ভুয়া প্লাটিনাম কয়েন বিক্রি চক্রের ৪ জন গ্রেফতার
নওগাঁয় ভুয়া প্লাটিনাম কয়েন বিক্রি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ। এসময় তাদের কাছ থেকে দুটি ভুয়া প্লাটিনাম কয়েন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল দুইজন ভুক্তভোগী পুলিশ সুপারের কার্যালয়ে এসে অভিযোগ করেন যে, একটি প্রতারক চক্র তাদের মূল্যবান প্লাটিনামের কয়েন বিক্রির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত দিনে কয়েন সরবরাহ না করে চক্রটি আরও টাকা দাবি করতে থাকে এবং ভুক্তভোগীদের নওগাঁ শহরের বিভিন্ন স্থানে ঘোরাতে থাকে।
বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগীরা পুলিশের শরণাপন্ন হন। এরপর পুলিশ সুপারের নির্দেশে ডিবি নওগাঁ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে নওগাঁ শহরের একটি হোটেল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. উজ্জ্বল (৪৭), আল মামুন (৪৭) এবং দেলোয়ার (৪৮)।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা আবু সাইদ (৩৪)-কে নওগাঁ শহরের আরেকটি হোটেল থেকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী, তার নিজ বাড়ি থেকে দুটি ভুয়া প্লাটিনাম কয়েন উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, লোভের কারণে অনেকেই প্রতারকদের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মূল্যবান প্লাটিনাম কয়েনের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করে আসছিল।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে জনগণকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।