সারাদেশ
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে হত্যা করে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টার দিকে গ্রামের একটি বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
নিহতরা হলেন- হাবিবুর রহমান (৩৫), তাঁর স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) এবং মেয়ে সাদিয়া খাতুন (৩)। তারা সবাই ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, হাবিবুর রহমান ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। অপরদিকে তাঁদের দুই সন্তানকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। নিহত পারভেজ স্থানীয় বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। সোমবার রাতে মান্দা উপজেলার চৌবাড়িয়া হাট থেকে গরু বিক্রি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরেন। ধারণা করা হচ্ছে, টাকার লোভে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ডাকাতি চালায়।
এ সময় ঘরে থাকা স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়। পপি খাতুনের কানের দুলও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি ডাকাতির ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ডাকাতির পর পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কায় দুর্বৃত্তরা পরিবারের সবাইকে হত্যা করেছে।
ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।