সারাদেশ

নওগাঁয় একই পরিবারের ৪ সদস্য খুন, সন্দেহভাজন ভাগিনা আটক   


প্রতিনিধি, নওগাঁ
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০২:২৪ পিএম

নওগাঁয় একই পরিবারের ৪ সদস্য খুন, সন্দেহভাজন ভাগিনা আটক   
ছবিঃ ঢাকাপ্রকাশ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের ৪ সদস্যকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ভাগনা সবুজ হোসেন (২৫) কে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাহাদুরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।  আটক সবুজ হোসেন নিহত হাবিবুর রহমানের ভাগনা। তিনি মান্দা উপজেলার পারনপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন হাবিবুর রহমান। ভোরে ফজরের নামাজের পর এক স্থানীয় বৃদ্ধা তাদের ঘরের দরজা খোলা দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে গিয়ে হাবিবুর রহমান, তার স্ত্রী, ছেলে ও মেয়ের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয় এবং পুলিশে খবর দেয়। 

সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

নিহত পপির বাবা মোয়াজ্জেম হোসেন বারবার মূর্ছা বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত সকলের ফাঁসি চাই। আমার তিন বছরের নাতনিকেও তারা ছাড়েনি।’ 

নিহত হাবিবুরের বাবা বলেন, জমিজমা-সংক্রান্ত বিষয়ে এমন ঘটনা ঘটতে পারে। আমার মেয়ে, মেয়ে জামাই ও নাতিরা এ ঘটনায় জড়িত থাকতে পারে। তারা বিভিন্ন সময়ে আমার ছেলেসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি প্রদান করে আসছিল।

এদিকে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সবুজ হোসেনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।