সারাদেশ

রেললাইনে পাথর ঠিক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রেলকর্মীর মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পিএম

রেললাইনে পাথর ঠিক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রেলকর্মীর মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনে সংস্কারকাজ চলাকালে ট্রেনের ধাক্কায় এক রেলওয়ে কর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বাড়বকুণ্ড রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম বাংলাদেশ রেলওয়ের একজন ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার করের হাট এলাকায় বলে জানা গেছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে রফিকুলসহ কয়েকজন কর্মী রেললাইনের পাথর ঠিক করার কাজে নিয়োজিত ছিলেন। এ সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস সেখানে পৌঁছালে অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

বাড়বকুণ্ড রেলস্টেশনের স্টেশন মাস্টার রাজ কুমার রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রেলওয়ের পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে জানাজা অনুষ্ঠিত হবে।

পরবর্তীতে মরদেহ দাফনের জন্য নিহত রফিকুল ইসলামের গ্রামের বাড়িতে পাঠানো হবে বলেও জানান সংশ্লিষ্টরা।