সারাদেশ

লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারায় বৃদ্ধ বাবা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:২৪ এএম

লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারায় বৃদ্ধ বাবা
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রপাতে নিহত এক যুবকের কবর রাত জেগে পাহারা দিচ্ছেন তার বৃদ্ধ বাবা। লাশ চুরির আশঙ্কায় পরিবারটির এই উদ্যোগ স্থানীয়দের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কামারখাড়া সামাজিক কবরস্থানে গিয়ে দেখা যায়, নিহত আরাফাত খানের কবরের পাশে বসে আছেন তার বাবা জসিম খান। সন্তানের মরদেহ নিরাপদ রাখতে প্রতিরাতেই তিনি সেখানে অবস্থান করছেন।

পরিবার সূত্রে জানা গেছে, আরাফাত খান পেশায় দর্জি ছিলেন এবং পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন। গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে তাকে দাফন করা হলেও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া ‘বজ্রপাতে নিহতদের লাশ চুরি হয়’—এমন গুজব পরিবারটিকে আতঙ্কিত করে তোলে।

জসিম খান বলেন, অসুস্থতার কারণে সবসময় নিজে থাকতে পারেন না। তাই ঋণ করে লোকজন ভাড়া করে কবর পাহারার ব্যবস্থা করতে হচ্ছে। এতে তাদের আর্থিক সংকট আরও বাড়ছে। তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন, যাতে কবরের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

স্থানীয় বাসিন্দা বিপু মাতব্বর জানান, এলাকায় কিছু দুষ্কৃতিকারীর বিরুদ্ধে অতীতে কবর থেকে মরদেহ চুরির অভিযোগ রয়েছে। বজ্রপাতে নিহতদের মরদেহের চাহিদা বেশি—এমন কথাও প্রচলিত আছে, যা মানুষের মধ্যে ভয় সৃষ্টি করছে।

এ ঘটনায় স্থানীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং কবরস্থানের নিরাপত্তা জোরদারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, এমন পরিস্থিতি একটি পরিবারের জন্য চরম মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাইয়ার পার এলাকায় বজ্রপাতে আরাফাত খান মারা যান। দাফনের পর থেকেই তার পরিবার প্রতিরাতে কবর পাহারা দিয়ে আসছে।