সারাদেশ
পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ওসিসহ ৫ সদস্য
পদ্মা নদীতে নৌ পুলিশের টহল দলের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে পদ্মা নদীর কুষ্টিয়া অংশে টহল দিচ্ছিল। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
হামলায় লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলামসহ পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। আহত অন্যরা হলেন ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া।
আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানান, ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।