সারাদেশ
নোয়াখালীতে ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ২ বোনের
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে ২ বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫)। তারা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল গ্রামের কৃষক মহি উদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আজ রবিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নাম্বার ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই বোন তাদের নানা বাড়িতে বাবা-মায়ের সঙ্গে অবস্থান করছিল। মাদ্রাসা বন্ধ থাকায় সকালে পরিবারের অগোচরে তারা বাড়ির পাশে খামারের পুকুরে গোসল করতে নামে। এ সময় ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে বড় বোন রোকসানা এগিয়ে যায়। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়।
পরে স্বজনরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে এক বোনের লাশ উদ্ধার করে। পরবর্তীতে জাল ফেলে আরেক বোনের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের স্থানীয় এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এদিকে চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাস জানান, নিহতের স্বজনরা থানায় এসেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।