সারাদেশ
কুষ্টিয়ায় পৌনে একঘন্টা পর দেয়া হলো দাখিল পরীক্ষার্থীদের প্রশ্নপত্র
চলমান দাখিল পরীক্ষায় কুষ্টিয়ার মিরপুরের একটি কেন্দ্রে প্রায় পৌনে একঘন্টা পর পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র দেয়ার অভিযোগ উঠেছে।
আজ রবিবার (২৬ এপ্রিল) মিরপুর উপজেলার নওদাপাড়া-চৌদুয়ার মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা শুরুর পর এমন ঘটনা ঘটেছে।
জানা গেছে, রবিবার নওদাপাড়া-চৌদুয়ার মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে সকাল ১০টার সময় দাখিল (এসএসসি) পরীক্ষার্থীদের গণিত বিষয়ে পরীক্ষা শুরু হয়। এরপর প্রায় আধাঘন্টা এমসিকিউ পরীক্ষা নেয়া হয়। তবে লিখিত (সিকিউ) পরীক্ষার প্রশ্নপত্র বিতরণের সময় প্রায় ৬৬পিস প্রশ্নপত্রের গড়মিল দেখা দেয়। এসময় শিক্ষার্থীরা পরীক্ষা বন্ধ করে বসে থাকে। পরে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করেন।
আরাফাত নামে এক পরীক্ষার্থী জানায়, আজকে আমাদের গণিত পরীক্ষা ছিল। এমসিকিউ নেয়ার পর প্রশ্ন আসতে প্রায় ৪৫মিনিট দেরি হয়েছে। পরে সময় বাড়িয়ে পরীক্ষা নেয়া হয়েছে।
প্রশ্নপত্র বিলম্বে পাওয়ার বিষয়ে মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নেছার উদ্দীন বলেন, আমি কোন কেন্দ্রের দায়িত্বে নেই। আর আমার কাছে ওরকম মেসেজ নেই। আমি একটু অন্য জায়গায় ছিলাম আজকে।
এদিকে বিলম্বে প্রশ্নপত্র দেয়ার অভিযোগ অস্বীকার করে এ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইসতিয়াক আহাম্মেদ সাংবাদিককে বলেন, অভিযোগটা কে দিল? আপনি ইউএনও স্যারের সাথে কথা বলতে পারেন। আপনার যদি কোন অভিযোগ থেকে থাকে।
এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, প্রশ্নপত্র কম ছিল ৬৬পিস। আমি নিজে গিয়ে প্রশ্ন প্রিন্টার থেকে প্রিন্ট করে পরীক্ষার ব্যবস্থা করি। এরপর পরীক্ষা শুরু হয়েছে সোয়া ১১টায় এবং পৌনে ২টায় পরীক্ষা শেষ হয়েছে।