সারাদেশ
তীব্র গরম ও লোডশেডিংয়ে কলাপাড়ার ৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত
তীব্র গরম ও ঘনঘন লোডশেডিংয়ের কারণে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় মোবাইলের টর্চ জ্বালিয়ে চলছে চিকিৎসা সেবা। এতে শিশু, নারী ও বয়স্ক রোগীসহ তাদের স্বজনরা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালটিতে বিদ্যুৎ বিভ্রাটের সময় নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে জেনারেটর ও আইপিএস থাকার কথা থাকলেও দুটিই কার্যত অচল। জেনারেটরের ব্যাটারি দুই বছর ধরে নষ্ট, আর আইপিএসের ব্যাটারিও সম্প্রতি বিকল হয়ে পড়েছে। ফলে লোডশেডিং হলেই অন্ধকারে ডুবে যায় পুরো হাসপাতাল।
অসহনীয় গরমে রোগীরা হাতপাখা দিয়ে বাতাস করছেন, কেউ কেউ মোবাইলের আলোয় সেবা নিচ্ছেন। এতে চিকিৎসা নিতে এসে আরও অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে। পাশাপাশি রোগীদের খাবার ও ঔষধ সরবরাহেও অনিয়মের অভিযোগ উঠেছে।
চিকিৎসাধীন সবুজ জানান, প্রচণ্ড গরমে এখানে এসে বিদ্যুতের অভাবে আরও অসুস্থ হয়ে পড়ছি। দ্রুত হাসপাতাল ছেড়ে যেতে চাই।
এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ নাই, বাতি নাই, বাতাস নাই,এভাবে হাসপাতালে থাকা যায় না। রোগীর সঙ্গে এসে আমিই এখন অসুস্থ হয়ে গেছি। ঠিকমতো ঔষধও পাওয়া যায় না।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. বিকাশ রায় বলেন, জেনারেটরের ব্যাটারি দীর্ঘদিন ধরে অকার্যকর এবং তেলের বরাদ্দ না থাকায় সেটি চালু করা সম্ভব হচ্ছে না। আইপিএসের ব্যাটারিও হঠাৎ নষ্ট হয়ে গেছে। দ্রুত তা মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আপাতত এনার্জি সেভিং বাল্ব দিয়ে কাজ চালানো হচ্ছে।
তিনি আরও জানান, খাবার ও ঔষধ বিতরণে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।