সারাদেশ
বৈরি আবহাওয়া, দেশের ১৭ জেলার জন্য বিশেষ সতর্কবার্তা
দেশের বিভিন্ন অঞ্চলে বৈরি আবহাওয়ার আশঙ্কায় ১৭ জেলার জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, এসব এলাকার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে দেওয়া ৪৮ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, বুধবার বেলা ১১টা থেকে পরবর্তী দুই দিনে দেশের বিভিন্ন বিভাগে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং এর সঙ্গে তীব্র দমকা হাওয়া ও বজ্রপাত থাকতে পারে।
এদিকে ৯৬ ঘণ্টার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে, যার ফলে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের অভ্যন্তরে বজ্রমেঘের সক্রিয়তা অব্যাহত থাকায় এই পরিস্থিতি আরও কিছু সময় ধরে থাকতে পারে।