সারাদেশ
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের প্রধান গেইট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একেএম আসিফুর রহমান চৌধুরী (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (০১ মে) সন্ধ্যা ৭টার দিকে চান্দগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার আসিফ লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং উপজেলার পদুয়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসাইন মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে বি-ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আন্দোলন কেন্দ্রিক সহিংসতার একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।