সারাদেশ
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা
দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১৩টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে উত্তর কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি কিংবা অতি ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিন ধরে সারা দেশেই এই ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।