সারাদেশ
মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল
ত্রিশাল উপজেলায় একটি আবাসিক ভবনে জ্বালানি তেল মজুতকে কেন্দ্র করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ভাড়াটিয়াকে কারাদণ্ড এবং সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকায় ছয়তলা একটি ভবনের নিচতলায় সিঁড়ির নিচে জ্বালানি তেল মজুত করেছিলেন ভাড়াটিয়া মো. উমর ফারুক (৫১)। তিনি একটি ফিলিং স্টেশনের কর্মচারী। শনিবার রাত সাড়ে আটটার দিকে সংরক্ষিত পেট্রলভর্তি একটি পাত্রে আগুন ধরে যায়। স্থানীয়দের দ্রুত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী উমর ফারুককে একটি কক্ষে আটকে রাখেন। পরে রাত ১১টার দিকে উপজেলা প্রশাসন পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। তল্লাশিতে ওই বাসা থেকে প্রায় ৭০ লিটার পেট্রল জব্দ করা হয় এবং প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত হয়।
জিজ্ঞাসাবাদে উমর ফারুক অবৈধভাবে জ্বালানি তেল মজুতের কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে।
তদন্তে আরও জানা যায়, তিনি পাশের একটি ফিলিং স্টেশন থেকে তেল এনে বাসায় সংরক্ষণ করতেন এবং সংকটের সময় বেশি দামে বিক্রি করতেন। এ ঘটনায় সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আফজালকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে জ্বালানি তেল মজুত করা হয়েছিল, যা অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।