সারাদেশ

৬ মে থেকে কার্ডের মাধ্যমে সহায়তা পাবেন হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকরা: ত্রাণমন্ত্রী 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:৫২ পিএম

৬ মে থেকে কার্ডের মাধ্যমে সহায়তা পাবেন হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকরা: ত্রাণমন্ত্রী 
ছবিঃ সংগৃহিত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের কার্ডের মাধ্যমে ৩ মাসের জন্য খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে। আগামী ৬ মে এ কর্মসূচি শুরু হবে। পাশাপাশি কৃষকদের পুনর্বাসনের জন্য কৃষি মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানিয়েছেন তিনি।

আজ রবিবার (০৩ মে) লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি কলেজ মাঠে তিনি এসব কথা বলেন। এ সময় দরিদ্র ও অসহায় পরিবারের টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের যাকাতভিত্তিক উদ্যোগ ‘সম্বল’ প্রকল্পের এ বছরের কার্যক্রম উদ্বোধন করা হয়। 

ত্রাণমন্ত্রী বলেন, বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওড়াঞ্চলের লাখ-লাখ হেক্টর ফসল, বিশেষ করে ধান পানিতে ডুবে গেছে। ফলে সেখানকার কৃষকরা চরম অসহায় অবস্থায় পড়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী তিন মাস ক্ষতিগ্রস্ত কৃষকদের খাদ্য ও অর্থ সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও সিলেটের বিস্তীর্ণ এলাকা এবং ব্রাহ্মণবাড়িয়ার একটি অংশ পানিতে ডুবে গেছে।  ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তিন মাসের জন্য একটি কার্ডের মাধ্যমে প্রতি মাসে তাদের সহায়তা দেওয়া হবে।