সারাদেশ

নওগাঁ ছাত্রদলের আংশিক কমিটি গঠন, নেতৃত্বে দোহা-তাজ  


প্রতিনিধি, নওগাঁ
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৯:৫৩ পিএম

নওগাঁ ছাত্রদলের আংশিক কমিটি গঠন, নেতৃত্বে দোহা-তাজ  
ছবিঃ সংগৃহীত

নওগাঁ জেলা ছাত্রদলের ৯ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে আহ্বায়ক করা হয়েছে মামুন বিন ইসলাম দোহাকে এবং সদস্য সচিব করা হয়েছে তাইজুল ইসলাম তাজকে। নতুন এই কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। 

শনিবার (০২মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। 

নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা ও সদস্য সচিব তাইজুল ইসলাম তাজ বিষয়টি ঢাকাপ্রকাশকে নিশ্চিত করেছেন।

নতুন আংশিক কমিটিতে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান বাদশা, যুগ্ম আহ্বায়ক শাহিদুল ইসলাম সোহাগ, আজিজুল ইসলাম, এ কে হানিফ, হাফিজুর রহমান আকাশ, জুনায়েদ আহমেদ ও আল আমিন বাদশা।

নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা বলেন, “গত ২ মে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটির অনুমোদন দেন। দীর্ঘ ৮ বছর পর আংশিক কমিটি অনুমোদন পাওয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছি।”

সদস্য সচিব তাইজুল ইসলাম তাজ বলেন, “নতুন কমিটি ঘোষণার মাধ্যমে নওগাঁ জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।”