সারাদেশ
নওগাঁয় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
নওগাঁ জেলা শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।
আজ সোমবার (০৪ মে) বিকেলে শহরের এটিম মাঠ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন নওগাঁ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল হোসেন, নবঘোষিত আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা, সদস্য সচিব তাইজুল ইসলাম তাজ এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাজাহান বাদশা।
নতুন কমিটি ঘোষণাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্লোগানে স্লোগানে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, নতুন কমিটি ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
রুবেল হোসেন বলেন, জেলা কমিটির নেতারা অত্যন্ত দক্ষ ও বিচক্ষণ। আন্দোলন-সংগ্রামে রাজপথে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আনন্দ মিছিলের মাধ্যমে নতুন কমিটিকে স্বাগত জানানো হয়েছে। তাদের নেতৃত্বে আগামী দিনে ছাত্রদলের প্রতিটি ইউনিট ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা বলেন, ছাত্রদল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় একটি সংগঠন। শিক্ষার্থীদের অধিকার আদায়ে এ সংগঠন সবসময় কাজ করে যাচ্ছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়নের মাধ্যমে ছাত্রদলকে আরও শক্তিশালী করা হবে।
তিনি আরও জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি গঠন করা হবে। জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।