সারাদেশ
মুফতি আমির হামজা অবরুদ্ধ, উত্তেজনা তুঙ্গে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা-কে ঘিরে কুষ্টিয়া সরকারি কলেজে ব্যাপক উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে কলেজ পরিদর্শন ও একটি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে একদল শিক্ষার্থীর বিক্ষোভের মুখে পড়েন তিনি।
মুফতি আমির হামজার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনের সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রেখেছেন। পেজের অ্যাডমিনের দেওয়া পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কলেজ সূত্র জানায়, সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন সংসদ সদস্য আমির হামজা। তিনি টুর্নামেন্ট উদ্বোধন করতে গেলে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একদল যুবক মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এমপি মাঠের ভেতরে প্রবেশ করেন। তবে বিক্ষোভকারীরা সেখানেও তাকে ঘিরে স্লোগান দিতে থাকেন এবং মাঠের মধ্যে বসে পড়ে বাধা সৃষ্টি করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কলেজের অধ্যক্ষ দ্রুত এমপি আমির হামজাকে নিয়ে নিজের কার্যালয়ে চলে যান। পরে বিক্ষোভকারীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনেও অবস্থান নেন।
খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ক্যাম্পাসে পৌঁছায়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, তিনি পুলিশ সদস্যদের নিয়ে অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে সংসদ সদস্যকে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে দেখেন। তবে তিনি এমপিকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করেন। তার ভাষ্য, পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং পরে এমপি কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র কুষ্টিয়া শহর শাখার আমীর মো. এনামুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বর্তমানে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে প্রশাসন জানিয়েছে।