সারাদেশ
চট্টগ্রামে ফ্লাইওভার থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা?
চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভার থেকে কাউসার আহমেদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আকবর শাহ থানা এলাকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ–এর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
সোমবার রাত সাড়ে ৩টার দিকে বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কাউসার রাউজান উপজেলার উরকিরচর এলাকার বাসিন্দা এবং আবুল কাশেমের ছেলে।
ঘটনার পর পাহাড়তলী থানা পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পাহাড়তলী থানার এসআই মাসুদুর রহমান বলেন, কাউসার একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, তিনি মাদকাসক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। এ কারণে ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে ভিন্ন আলোচনা শুরু হয়েছে। ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের কয়েকজন সাবেক নেতা দাবি করেছেন, কাউসারকে হত্যা করে তার মরদেহ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে।
নিষিদ্ধ ছাত্রলীগের নেতা তালুকদার পারভেজ আনসারী অভিযোগ করেন, রাজনৈতিক কারণে কাউসারকে অপহরণের পর হত্যা করা হয়েছে। তবে পুলিশ এসব অভিযোগকে ‘প্রপাগান্ডা’ বলে উল্লেখ করেছে।
পুলিশ জানিয়েছে, নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।