সারাদেশ
নারায়ণগঞ্জে মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, দগ্ধ ১২
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন কর্মকর্তা ও কর্মচারী দগ্ধ হয়েছেন।
আজ বুধবার (১৩ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জানা যায়, দুপুর ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে কর্মকর্তা-কর্মচারীরা খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকেই এ বিস্ফোরণের সূত্রপাত। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়লে ক্যান্টিনে থাকা কয়েকজন কর্মী দগ্ধ হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে আসেন।
দগ্ধরা হলেন- নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল-আমিন (৪০), ওসমান গনি (৩০)। তাদের বেশিরভাগের হাত, মুখ ও পায়ের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আহতদের শরীরের কত শতাংশ পুড়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।