সারাদেশ
কলাপাড়ায় ভেজাল পানীয় উৎপাদন ও বিক্রির দায়ে জেল-জরিমানা
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়কে একটি অবৈধ ‘ড্রিংকোর জুস’ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কোনো প্রকার লাইসেন্স বা অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জুস তৈরি ও বাজারজাত করার অপরাধে কারখানার মালিক মাসুদ সিকদার (৩৪) নামের ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (১৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদ এবং কলাপাড়া থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে দেখা যায়, সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে কোনো স্বাস্থ্যবিধি না মেনেই সেখানে জুস উৎপাদন করা হচ্ছিল। উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত প্রিজারভেটিভ এবং অন্যান্য রাসায়নিক উপাদানগুলোও ছিল অনুমোদনহীন।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ও ৫২ ধারা মোতাবেক কারখানার মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ বলেন, এই জুসগুলো মূলত ছোট শিশুরা খায়, যা তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি কিডনি, লিভারসহ শরীরের বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে। কলাপাড়াসহ সারাদেশে এ ধরনের অবৈধ জুস কারখানা, বেকারি এবং আইসক্রিম কারখানার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।