সারাদেশ
৬ লাখে বিক্রি হলো ‘নেতানিয়াহু’, ‘ডোনাল্ড ট্রাম্প’ প্রতি কেজি ৫৫০ টাকা দরে
কোরবানির ঈদ সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা দুটি অ্যালবিনো মহিষ ‘নেতানিয়াহু’ ও ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত বিক্রি হয়েছে। নাম, আকৃতি ও ভিন্নধর্মী চেহারার কারণে মহিষ দুটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল দর্শনার্থীদের মধ্যে।
খামার সংশ্লিষ্টরা জানিয়েছেন, নারায়ণগঞ্জের বন্দর এলাকার ‘এসএস ক্যাটেল’ খামারে লালন-পালন করা ‘নেতানিয়াহু’ নামের মহিষটি শুক্রবার ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। ৭৫০ কেজির বেশি ওজনের এই অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রতিদিন অসংখ্য মানুষ সেটি দেখতে খামারে ভিড় করেন।
অন্যদিকে নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া এগ্রো ফার্মে’ থাকা ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি রঙের আরেকটি মহিষও ক্রেতাদের নজর কাড়ে। প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে বিক্রি করা হয়েছে। কোরবানির আগে সেটি নতুন মালিকের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ।
এসএস ক্যাটেল ফার্মের ব্যবস্থাপক মেহেদি জানান, তাদের খামারে মোট ছয়টি অ্যালবিনো মহিষ রয়েছে। দুষ্টু স্বভাবের কারণে সেগুলোর নাম ‘নেতানিয়াহু-ওয়ান’ থেকে ‘নেতানিয়াহু-সিক্স’ পর্যন্ত রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত মহিষটি ৬ লাখ টাকায় বিক্রি হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।