সারাদেশ

বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:৫৯ পিএম

বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন
ছবি: সংগৃহীত

উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া দীর্ঘ প্রতীক্ষার পর সিটি কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে। নবগঠিত এই সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে এম আর ইসলাম স্বাধীনকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে লিখিত পত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি কর্পোরেশন-১ শাখা) থেকে গত রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী বগুড়া শহরের মালতীনগর এলাকার বাসিন্দা এম আর ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।

এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত গেজেটে বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হয়। নতুন সিটি কর্পোরেশনটি বগুড়া পৌরসভা, সদর ও শাজাহানপুর উপজেলার কিছু অংশ এবং আশপাশের বিভিন্ন এলাকা নিয়ে গঠিত হয়েছে। মোট ২১টি ওয়ার্ড নিয়ে এর কার্যক্রম শুরু হচ্ছে।

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় এম আর ইসলাম স্বাধীন বলেন, সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বগুড়া সিটি কর্পোরেশনকে আধুনিক ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা ও প্রথম প্রশাসক নিয়োগের খবরে শহরজুড়ে উচ্ছ্বাস ও প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়দের আশা, নতুন এই কাঠামোর মাধ্যমে নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নে গতি আসবে।