সারাদেশ

ঈদের বরাদ্দের ৬৩০ কেজি চাল মিলল জামায়াত কর্মীর বাড়িতে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:৪৫ পিএম

ঈদের বরাদ্দের ৬৩০ কেজি চাল মিলল জামায়াত কর্মীর বাড়িতে
ছবি: সংগৃহীত

বোয়ালমারী পৌর এলাকায় কোরবানির ঈদ উপলক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বরাদ্দ করা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন।

বুধবার (২০ মে) রাতে পৌরসভার আঁধারকোঠা এলাকায় অভিযান চালিয়ে এ চাল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ–এর নেতৃত্বে পরিচালিত অভিযানে জামায়াতে ইসলামীর কর্মী ও সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ খানের বাড়ির নিচতলা থেকে ৫০ কেজির ১২ বস্তা চাল এবং অতিরিক্ত ৩০ কেজি চাল উদ্ধার করা হয়। মোট উদ্ধারকৃত চালের পরিমাণ ৬৩০ কেজি।

অভিযানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে উদ্ধার করা চাল জব্দ তালিকাভুক্ত করে পৌরসভার কাছে হস্তান্তর করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। উদ্ধার হওয়া চাল পৌরসভায় জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে সরকারিভাবে পৌর এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বরাদ্দ দেওয়া হয়েছিল।

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুস সামাদ খান বলেন, প্রতি বছরই ইমাম-মুয়াজ্জিনদের চাল তার বাড়িতে এনে রাখা হয়। এর সঙ্গে তার ব্যক্তিগত কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে রাজনৈতিকভাবে তাকে হয়রানির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে বোয়ালমারী ইমাম পরিষদ–এর সাধারণ সম্পাদক সাহেব আলী জানান, বুধবার বিকেলে পৌরসভা থেকে চাল এনে সামাদ খানের বাড়িতে রাখা হয়েছিল। আগামী সোমবার ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে সেগুলো বিতরণের পরিকল্পনা ছিল, তবে পরে প্রশাসন এসে চালগুলো নিয়ে যায়।