সারাদেশ

বগুড়ায় ১৬ ঘণ্টায় তিন হত্যা, নিহত শিশু, স্কুলছাত্র ও গৃহবধূ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:১৮ এএম

বগুড়ায় ১৬ ঘণ্টায় তিন হত্যা, নিহত শিশু, স্কুলছাত্র ও গৃহবধূ
ছবিঃ সংগৃহীত

বগুড়ার গাবতলী ও সারিয়াকান্দি উপজেলায় মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে শিশু, স্কুলছাত্র ও গৃহবধূ হত্যার তিনটি পৃথক ঘটনা ঘটেছে। একের পর এক নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনাগুলোতে তদন্ত শুরু করেছে পুলিশ।  

প্রথম ঘটনাটি ঘটে বুধবার (২০ মে) গভীর রাতে গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায়। দুর্বৃত্তদের হামলায় রিতা রানী মজুমদার (৪৫) নামের এক গৃহবধূ নিহত হন। তিনি স্থানীয় বাসিন্দা বিধান চন্দ্র রায়ের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে স্বামী-স্ত্রী আলাদা ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সোয়া ১২টার দিকে দরজায় জোরে ধাক্কার শব্দে ঘুম ভাঙে বিধান চন্দ্র রায়ের। পরে স্ত্রীর ঘর থেকে গোঙানির শব্দ শুনে ভেতরে গিয়ে তিনি রক্তাক্ত মরদেহ দেখতে পান। এ সময় বাড়ির সদর দরজাও খোলা অবস্থায় ছিল।
গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

এরপর বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সারিয়াকান্দি উপজেলার নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের সামনে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে খুন হন নবম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ সাঈম মুস্তাকিম (১৭)। তিনি চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে ফুটবল খেলা নিয়ে মুস্তাকিমের সঙ্গে আরেক স্কুলছাত্র শাহাদত হোসেনের বিরোধ হয়। সেই ঘটনার জেরে বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে মুস্তাকিমকে একা পেয়ে শাহাদত ও তার বাবা শাহা আলী হামলা চালায় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুস্তাকিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার সাহা বলেন, ঘটনাটি বিদ্যালয়ের বাইরে ঘটেছে। তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সবশেষে একই দিন বৃহস্পতিবার বিকেলে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবোধ বাজার এলাকায় মাদকাসক্ত বাবার হাতে পাঁচ মাস বয়সী শিশু আব্দুল্লাহ নিহত হওয়ার অভিযোগ ওঠে। 

স্থানীয়দের ভাষ্য, মাদকাসক্ত অবস্থায় ঘরে ঢুকে নিজের শিশুসন্তানের গলা চেপে ধরেন বাবা রায়হান আলী। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। অভিযুক্ত বাবাকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।

একই জেলায় অল্প সময়ের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।