সারাদেশ

শ্বশুরবাড়ি যাওয়ার পথে হামলার শিকার আমির হামজার পরিবার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:৩৮ পিএম

শ্বশুরবাড়ি যাওয়ার পথে হামলার শিকার আমির হামজার পরিবার
শ্বশুরবাড়ি যাওয়ার পথে হামলার শিকার আমির হামজার পরিবার। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রাকালে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) বিকেলে জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন মুফতি আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং তার গাড়িচালক সাদ্দাম হোসেন।

ভুক্তভোগীদের অভিযোগ, হাসাদাহ বাজার এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমনসহ কয়েকজন এ হামলার সঙ্গে জড়িত।

আবু বক্কর জানান, মুফতি আমির হামজা একটি গাড়িতে এবং তিনি তার বোনসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে আরেকটি গাড়িতে করে জীবননগরের উদ্দেশ্যে রওনা হন। পথে হাসাদাহ বাজার এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়।

তার ভাষ্য অনুযায়ী, বারবার হর্ন দেওয়ার পরও ইজিবাইকটি সরানো না হলে গাড়িচালক নিচে নেমে চালকের সঙ্গে কথা বলেন। এ সময় ইজিবাইকচালক বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন।

তবে কিছুক্ষণ পরই বিপরীত দিক থেকে কয়েকজন ব্যক্তি এসে তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ করেন তিনি। আবু বক্করের দাবি, নিজের পরিচয় দিয়ে তিনি মুফতি আমির হামজার শ্যালক বলে জানানোর পর হামলাকারীরা আরও উত্তেজিত হয়ে ওঠে এবং তার মুখে আঘাত করে।

এ সময় তার বোন গাড়ি থেকে নেমে এলে তাকেও হেনস্তা করা হয়। পাশাপাশি সংসদ সদস্য মুফতি আমির হামজাকে নিয়েও অশালীন মন্তব্য ও গালাগাল করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

ঘটনার খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান সেখের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোলায়মান সেখ বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে মুফতি আমির হামজাসহ তার পরিবারের সদস্যরা থানায় অবস্থান করছেন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।