সারাদেশ
খালেদা জিয়ার বান্ধবী খালেদা রাব্বানীর বাসায় তারেক রহমান
বেগম খালেদা জিয়ার বান্ধবী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেত্রী খালেদা রাব্বানীর বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল বুধবার (১৭ জুন) মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত খালেদা রাব্বানীর বাসভবনে আকস্মিক সফর করেন তিনি। এ সময় তারেক রহমান তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী খালেদা রাব্বানীর সঙ্গে কিছু সময় কাটান এবং তার চিকিৎসা ও সার্বিক শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি খালেদা রাব্বানীর দ্রুত সুস্থতা কামনা করেন।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, বিএনপির রাজনীতির মূল শিক্ষা হলো শিষ্টাচার, শ্রদ্ধাবোধ ও মানবিকতা। ব্যস্ততা ও রাজনৈতিক কর্মসূচির মধ্যেও বিএনপি যে সৌজন্য ও দায়িত্বশীলতার রাজনীতি করে, তারই প্রমাণ সাম্প্রতিক এ ঘটনা।
তিনি আরও বলেন, সেখানে উপস্থিত হয়ে খালেদা রাব্বানী আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানসহ রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন। একপর্যায়ে তিনি পুরোনো ছবিও দেখাতে থাকেন।
প্রধানমন্ত্রীর এ সফরের সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খালেদা রাব্বানী মৌলভীবাজারের রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।