সারাদেশ

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:৫৩ পিএম

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমা রহমানকে নিয়ে সমালোচনামূলক পোস্ট দেওয়ার অভিযোগে সাবিদুল ইসলাম সিয়াম নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া সিয়াম আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের শাহনেওয়াজ মিয়ার ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

রোববার রাতে জেলার সদরের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুর পর্যন্ত তিনি আখাউড়া থানার হাজতে ছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাতে আখাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ মিয়া ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রিফাতুল ইসলাম থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, সাবিদুল ইসলাম সিয়াম নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে মন্তব্য করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ-উল ইসলাম জানান, এ ঘটনায় একাধিক লিখিত অভিযোগ পাওয়া গেছে। পরে অভিযুক্তকে তার আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।