সারাদেশ

লোডশেডিং ও বাড়তি বিলের ক্ষোভে পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:০৯ পিএম

লোডশেডিং ও বাড়তি বিলের ক্ষোভে পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় তীব্র লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে পল্লী বিদ্যুতের এক কর্মীকে তুলে নিয়ে মারধর ও আটকে রাখার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলার চির্কা গ্রামে অবস্থিত পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন চির্কা উপকেন্দ্রে মঙ্গলবার সকালে দায়িত্ব পালন করছিলেন লাইনম্যান মো. ইব্রাহিম ও মো. আব্দুল কাদের। সকাল সাড়ে ১০টার দিকে একদল যুবক উপকেন্দ্রে ঢুকে প্রথমে ইব্রাহিমকে মারধর করে। পরে তারা আব্দুল কাদেরকে জোরপূর্বক তুলে নিয়ে উত্তর ধানুয়া গ্রামে আটকে রাখে।

পরে খবর পেয়ে পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ নাজির উল্লাহ স্থানীয়দের সহযোগিতায় বৈঠক করে আব্দুল কাদেরকে উদ্ধার করেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা আব্দুল কাদেরকে মারধরের পাশাপাশি তার কাছে থাকা ২৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং তার মোবাইল ফোন ভাঙচুর করে। এ ঘটনায় একই রাতে পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুল আলম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ সময় ধরে এলাকায় তীব্র লোডশেডিং চলছে এবং বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। অভিযোগ জানাতে গেলে অনেক সময় বিদ্যুৎ অফিসের কর্মীরা অসৌজন্যমূলক আচরণ করেন। ঘটনার দিনও এ ধরনের আচরণে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা লাইনম্যানকে ধরে নিয়ে যায় বলে দাবি করেন তারা।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ বলেন, অতিরিক্ত লোডশেডিং ও বাড়তি বিলের কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, যা এ ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে।

পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুল আলম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়ায় রয়েছে।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আল আমিন বলেন, পল্লী বিদ্যুৎ কর্মীকে মারধর ও আটকে রাখার অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।