সারাদেশ
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫
চট্টগ্রামের লোহাগাড়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী বাস উলটে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ রবিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লোহারদিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন সুমাইয়া (২৪), সাব্বির (২৪), রিয়াদ (১০), সাকিব হাসান (২২), নাঈম (২০), মঈনুল (১৮), মতিউর রহমান (২৬), শামীম (২০), মিজানুর রহমান (২৫), মতিউর রহমান (২০) প্রমুখ।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টার এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করে। আহতরা সবাই বগুড়ার শাহজাহানপুর এলাকার বাসিন্দা।
আহত মিজানুর রহমান জানান, তারা বগুড়া থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। রোববার সকালে কক্সবাজার থেকে বগুড়ার উদ্দেশে রওনা দেওয়ার পর লোহাগাড়ার লোহারদিঘির পাড় এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কে উলটে যায়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান বলেন, চট্টগ্রামমুখী পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উলটে যায়। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক বাসের নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।