সারাদেশ

আর্জেন্টিনা থেকে ব্রাজিল! আসামির জার্সি বদলাতে এআই ব্যবহার পুলিশের 


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:৪৬ পিএম

আর্জেন্টিনা থেকে ব্রাজিল! আসামির জার্সি বদলাতে এআই ব্যবহার পুলিশের 
ছবিঃ সংগৃহীত

ইয়াবাসহ আটক এক যুবকের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি এআই প্রযুক্তি ব্যবহার করে পাল্টে দিয়ে ব্রাজিলের জার্সি করে দেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের বিরুদ্ধে।

গতকাল সোমবার (২৯ জুন) বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। 

মিডিয়া সেলের গ্রুপে এমন ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে। 

পাশাপাশি ব্রাজিল সমর্থকদের মধ্যে ক্ষোভেরও সৃষ্টি হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংশোধনী মেইলের মাধ্যমে ছবি পরিবর্তন করে পুনরায় সঠিক তথ্য ও ছবি মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলে প্রকাশ করা হয়।

এদিকে বিষয়টি ‘দুষ্টুমির ছলে’ করা হয়েছে বলে জানিয়েছেন বিএমপির মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ।

রাসেল পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাদশা হাওলাদারের ছেলে। আটকের সময় রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। কাউনিয়া থানার পুলিশ রাসেলকে আটকের পর তার জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠানো হয়। কিন্তু মিডিয়া উইংয়ের দায়িত্বরতরা এআই ব্যবহার করে ডিজিটাল কারচুপির মাধ্যমে রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সির বদলে ব্রাজিলের জার্সি বসিয়ে দেন। 

মিডিয়া উইংয়ের তৈরি করা সেই বিকৃত ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক তৈরি হয়। 

পরে গণমাধ্যমকর্মীরা বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদের নজরে আনলে দ্রুত ভুল সংশোধন করে আসল ছবি ও তথ্য প্রকাশ করা হয়। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ জুন) বিকেলে মোহাম্মদপুর কলোনির মামুন মিয়ার ঘের সংলগ্ন এলাকা থেকে চিহ্নিত মাদক কারবারি রাসেল হাওলাদারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পুলিশের অভিযান টের পেয়ে মূল মাদক কারবারি আঁখি (৩২) পালিয়ে যান। আঁখি দক্ষিণ পলাশপুর এলাকার আবুল হোসেন হাওলাদারের মেয়ে এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে, যেখানে আটক রাসেল ও পলাতক আঁখিকে আসামি করা হয়েছে।