সারাদেশ
গোবিন্দগঞ্জে গ্রিল মিস্ত্রিকে ঘুষি মেরে হত্যার অভিযোগ, আটক ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জহুরুল প্রধান (৪৫) নামে এক গ্রিল মিস্ত্রিকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত এরশাদ মিয়াকে আটক করেছে পুলিশ।
নিহত জহুরুল প্রধান গোবিন্দগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে। আটক এরশাদ মিয়া সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের সমত কানার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল প্রধান একটি অটোরিকশাযোগে কাটা মোড় এলাকায় যাচ্ছিলেন। এ সময় স্থানীয় এরশাদ মিয়াসহ ২-৩ জন ব্যক্তি অটোরিকশার চালককে মারধর করছিলেন বলে অভিযোগ রয়েছে। জহুরুল ওই মারধরে বাধা দিতে গেলে অভিযুক্ত এরশাদ তার বুকে সজোরে ঘুষি মারেন। এতে তিনি অসুস্থ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।