সারাদেশ

শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত  


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:২৭ এএম

শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত  
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (০৩ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন বলে জানা গেছে। 

নিহতরা হলেন- মো. সোলেমান সিকদার (২২), শরিয়তপুর জেলার জাজিরা থানার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে ও কাওসার হোসেন (২৮) কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়ার উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতদের স্বজনরা জানায়, বন্ধু সাজ্জাদ, আরিফ, সোলেমান সিকদার ও কাওসার দুই মোটরসাইকেলযোগে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন। তারা মোটরসাইকেলযোগে গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কাওসার ও সোলেমানের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু কাওসার ও সোলেমান মারা যান।

খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে ঘটনাস্থলে ট্রাক রেখে চালক পালিয়ে যায়।

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও বলেন, ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হলে ট্রাকের চালক পালিয়ে গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।