সারাদেশ
বঙ্গোপসাগরে ৩ ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১৩ জেলে
পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে কয়েকদিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাত ও উত্তাল ঢেউয়ের মধ্যে মাছ ধরতে গিয়ে পৃথক তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন।
আজ বুধবার (০৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে আরও অন্তত পাঁচটি মাছধরা ট্রলার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি জানান, আজ বুধবার দুপুর ১টার দিকে চর বিজয় সংলগ্ন বঙ্গোপসাগরে ছয় জেলেসহ একটি ছোট মাছধরা ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের মালিক মাসুদ মাঝিকে জীবিত উদ্ধার করা হলেও অপর পাঁচ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।
তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে বঙ্গোপসাগরের প্রায় ১৭ কিলোমিটার গভীরে ফকিরহাটের এফবি মহিমা নামের একটি মাছধরা ট্রলার ১৮ জেলেসহ ডুবে যায়। বুধবার দুপুর পর্যন্ত ১৬ জন জেলেকে উদ্ধার করা হলেও এখনও দুইজন নিখোঁজ রয়েছেন।
এর আগে ৫ জুলাই বঙ্গোপসাগরের প্রায় ৬০ কিলোমিটার গভীরে গলাচিপার খরিদা গ্রামের ইমাদুলের মালিকানাধীন অপর একটি ট্রলার ১১ জেলেসহ ডুবে যায়। এ ঘটনায় পাঁচ জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্ট গার্ড অভিযান পরিচালনা করছে। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও নিখোঁজদের সন্ধানে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।