সারাদেশ

চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান  


প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম

চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান  
ছবিঃ ঢাকা প্রকাশ

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিশ্চয়তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারিক উজ জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নরেশচন্দ্র বিশ্বাস।

আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দেবাশীষ কুমার দাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, কম্প্যাক্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুজ্জামান, ব্র্যাকের সমন্বয়কারী মানিক ম্যাক্সিমিলিওন রুগ্গা, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, সনো ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক বদরুদ্দিন, ইটভাটা মালিক সমিতির সভাপতি খাজা নাসিরউদ্দিন এবং জ্যেষ্ঠ সাংবাদিক মানিক আকবর।

বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবেশ দূষণে পলিথিনের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এর ব্যবহার কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।