সারাদেশ
চুয়াডাঙ্গায় স্টেডিয়ামের কাজ পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্মাণাধীন স্টেডিয়ামের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. দৌলতুজ্জামান খাঁন।
আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে মো. দৌলতুজ্জামান খাঁন বলেন, আলমডাঙ্গা স্টেডিয়ামের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং গুণগত মান বজায় রেখে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, “সবার সমন্বিত প্রচেষ্টায় স্টেডিয়ামের কাজ সফলভাবে শেষ হবে বলে আমরা আশাবাদী। স্টেডিয়ামটি চালু হলে আলমডাঙ্গায় ক্রীড়া চর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের বিকাশের সুযোগ পাবে এবং এলাকার সামগ্রিক ক্রীড়া উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নয়ন কুমার রাজবংশী, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহীনুর আক্তার, জেলা ক্রীড়া পরিষদের সদস্যসচিব হ্যাজি, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মামুনুর রশিদ মণ্ডল, নির্বাহী সদস্য শরিফুল ইসলাম পিন্টু, ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান উজ্জ্বল, আলমডাঙ্গা ব্যায়ামাগারের আহ্বায়ক ইকবাল হোসেন মিয়া, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ক্রীড়া সংগঠকেরা।