সারাদেশ
আশুলিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত রাজমিস্ত্রি আটক
ঢাকার আশুলিয়া পল্লীবিদ্যুৎ এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবুল ওরফে বাবু (৪৫) নামে এক রাজমিস্ত্রিকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) গভীর রাতে আশুলিয়ার ডেন্ডাবর অফিসার হাউজিং সংলগ্ন গ্রামীণ টাওয়ার এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক বাবুল ওরফে বাবু পাবনা জেলার বাসিন্দা। তিনি আশুলিয়ায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অভিযুক্ত বাবুল ফরিদের বাড়ির এক ভাড়াটিয়া সাত বছরের শিশুকে রুম দেখানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজন তাকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে গভীর রাতে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত বাবুল ওরফে বাবুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় তাকে গণপিটুনি দেওয়া হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।