সারাদেশ
জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি: এমপি খোকন
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। একই সঙ্গে তিনি দাবি করেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
গতকাল শনিবার (১৮ জুলাই) বিকেলে জুলাই আন্দোলনে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, বিরোধী দলের কাজই হলো বিরোধিতা করা। তাদের এখন কোনো বাস্তব ইস্যু নেই। তিনি দাবি করেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করতে করতে রাজনৈতিকভাবে পরাজিত হয়েছেন এবং মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
তিনি বলেন, ‘জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। জুলাইয়ের চেতনা আমরা বুকে ধারণ করি এবং তা বাস্তবায়নের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’
শহীদ পরিবার ও আহতদের সহায়তার বিষয়ে তিনি বলেন, আন্দোলনে শহীদদের পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে। পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহায়তাসহ রাষ্ট্রীয়ভাবে প্রাপ্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যাদের আত্মত্যাগের মাধ্যমে দেশ গণতান্ত্রিক পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার পেয়েছে, সেই শহীদদের কাছে দেশ, জাতি ও রাজনৈতিক দলগুলো ঋণী।
এ সময় নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি ভিপি জলিল, গোলাম কবির কামাল, খবিরুল ইসলাম বাবুল, আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।