সারাদেশ
নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৮
নারায়ণগঞ্জের ফতুল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, বাড়িঘর ভাঙচুর ও পটকা ফাটানোর ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারী-পুরুষসহ অন্তত আটজন আহত হয়েছেন।
গতকাল সোমবার (২০ জুলাই) রাত ১০টায় ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়কে এ ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকার বাসিন্দা ফারুক মিয়ার ছেলে অপূর্ব ব্রাজিল সমর্থক। তার সঙ্গে ওই এলাকার আরও অর্ধশত ব্রাজিল সমর্থক রয়েছেন।
একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিব (২০) আর্জেন্টিনার সমর্থক। তার সঙ্গেও প্রায় অর্ধশত আর্জেন্টিনার সমর্থক রয়েছেন।
ব্রাজিল হেরে যাওয়ায় তখন হাবিবসহ আর্জেন্টিনার সমর্থকরা আনন্দ উল্লাস করেন। এতে ব্রাজিলের সমর্থক অপূর্ব ও তার লোকজন বিষয়টি মনে রাখেন। সোমবার আর্জেন্টিনা হেরে যাওয়ায় অপূর্ব ও তার লোকজনও আনন্দ উল্লাস করেন। এতে হাবিব ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ব্রাজিল সমর্থকদের ধাওয়া দেন।
এরপর ব্রাজিল সমর্থকরা দলবল বাড়িয়ে আর্জেন্টিনা সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করে ব্যাপক লুটপাট চালান এবং নারীসহ কয়েকজনকে মারধর করেন। এরপর যাওয়ার সময় কয়েকটি পটকা ফাটান। এসময় আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে এলাকাবাসী যোগ দিয়ে ব্রাজিলের বেশ কয়জন সমর্থককে মারধর করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, বিশ্বকাপ খেলা নিয়ে যারা সংঘর্ষে জড়িয়েছেন, তারা সবাই কিশোর বয়সের।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় গ্রুপের লোকজন পালিয়েছেন। তাদের ধরার চেষ্টা করছি।