সারাদেশ
রাবি শিক্ষার্থীদের রেল অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের রেলপথ অবরোধে বাংলাদেশ রেলওয়ের প্রায় ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। একই সঙ্গে প্রায় ২০ হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রেলওয়ের জনসংযোগ (পশ্চিম) বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক জাহিদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে যাত্রীদের দুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জুলাই দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাবির এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ের এক টিকিট পরীক্ষকের (টিটিই) অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরদিন সকালে রাবির একদল শিক্ষার্থী রেলপথ অবরোধ করলে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী এবং রাজশাহীগামী ট্রেন চলাচল দীর্ঘ সময় বন্ধ হয়ে যায়।
রেলওয়ের তথ্য অনুযায়ী, সকাল ৭টা থেকে বিকেল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত চলা এ অবরোধের কারণে ১০টি আন্তঃনগর ও ৯টি কমিউটার ট্রেন ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৮ ঘণ্টা ৩০ মিনিট পর্যন্ত বিলম্বিত হয়। এছাড়া ২টি আন্তঃনগর ও ৪টি কমিউটার ট্রেনের যাত্রা সম্পূর্ণ বাতিল করতে হয়।
এর ফলে বিভিন্ন স্টেশন ও ট্রেনে প্রায় ২০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন। মুমূর্ষু রোগী, বিদেশগামী যাত্রী, নারী, শিশু ও সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা উল্লেখ করে রেলওয়ে জানিয়েছে, এ ঘটনায় তাদের আনুমানিক ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জানতে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, পদ্মা এক্সপ্রেসে রাবির শিক্ষার্থী ফুরকান উদ্দিনকে মারধরের অভিযোগে গত ২২ জুলাই সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এবং রাবি-রুয়েট সংলগ্ন রেলক্রসিংয়ে গাছের শেকড়, বেঞ্চ, বাঁশ ও লাল পতাকা টাঙিয়ে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ কয়েক ঘণ্টার জন্য বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ঘটনার পর অভিযুক্ত টিকিট পরীক্ষক (টিটিই) সুমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।