সারাদেশ

দর্শনা সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি


প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:১৫ এএম

দর্শনা সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
ছবিঃ ঢাকা প্রকাশ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা প্রতিহত করলে শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোর প্রায় ৪টার দিকে সীমান্ত পিলার ৭৬/৪-এস সংলগ্ন এলাকায় ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা একজন পুরুষ, তিনজন নারী এবং পাঁচ বছর বয়সী এক শিশুসহ মোট পাঁচজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।

তবে তারা সীমান্ত অতিক্রমের আগেই বিজিবির টহল দলের নজরে পড়ে। বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন এবং সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান নিতে বাধ্য করেন। পরে বিএসএফ ওই ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান বলেন, “সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সবসময় সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”

জীবননগর সীমান্তে ৭ জনের পুশ-ইনের অভিযোগ

এদিকে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে আরও কয়েকজনকে বাংলাদেশে পুশ-ইনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে সীমান্ত পার হয়ে আসা কয়েকজনকে জীবননগর উপজেলা শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যায়।

পুশ-ইন হয়ে আসা ব্যক্তিদের মধ্যে খুলনার দুই ভাই আমিনুর রহমান ও খলিলুর রহমান দাবি করেন, তারা প্রায় দুই বছর আগে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে বিএসএফ তাদেরসহ মোট সাতজনকে বাংলাদেশে ঠেলে দেয়। বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি বা পুলিশের সঙ্গে তাদের দেখা হয়নি বলেও দাবি করেন তারা। তবে তাদের সঙ্গে আসা অন্যরা কোথায় গেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল রফিকুল আলম বলেন, জীবননগর সীমান্ত দিয়ে পুশ-ইনের বিষয়ে বিজিবির কাছে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই। তিনি জানান, প্রতিবেদনে উল্লেখ করা ‘পাটোয়ারি’ নামে কোনো সীমান্ত এলাকা জীবননগরের আশপাশে নেই। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান তিনি।