সারাদেশ

স্ত্রী তালাক দেওয়ার পর বগুড়ায় নবম শ্রেণির স্কুলছাত্রের আত্মহত্যা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৬:১৫ পিএম

স্ত্রী তালাক দেওয়ার পর বগুড়ায় নবম শ্রেণির স্কুলছাত্রের আত্মহত্যা
ছবিঃ সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলায় স্ত্রী তালাক দেওয়ার পর মানসিক হতাশায় রিফাত আলী খান (১৭) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার নেপালতলী ইউনিয়নের রহিমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিফাত আলী খান উপজেলার রহিমারপাড়া গ্রামের রুবেল খানের ছেলে এবং স্থানীয় কদমতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। কিছুদিন আগে প্রেমের সম্পর্কের এক সহপাঠীকে বিয়ে করেন। তবে প্রায় তিন মাসের মাথায় স্ত্রী তাকে তালাক দেন। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। 

সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বাড়ির টিনশেড ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে গাবতলী মডেল থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী তালাক দেওয়ার কারণে সৃষ্ট মানসিক হতাশা থেকেই রিফাত আলী খান আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।