সারাদেশ

গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:০৭ পিএম

গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি এলাকায় শ্বশুরবাড়ির পাশের একটি পুকুর থেকে বি এম মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ফাতেমা কানিজ ও শ্বশুর কবিরুল ইসলাম ওরফে ঝুনু শেখকে আটক করা হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি এলাকায় শ্বশুরবাড়ির অদূরের একটি পুকুরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত বি এম মাহমুদুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভুঁইয়ার ছেলে। তিনি খাগড়াছড়ির মহালছড়িতে এপিবিএন-৬-এ উপপরিদর্শক (এসআই-সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর নিহতের স্ত্রী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহতের বড় ভাই বি এম আশিকুজ্জামান দাবি করেন, মাহমুদুল ইসলামের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের আর্থিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। তার অভিযোগ, এ ঘটনার সঙ্গে শ্বশুরবাড়ির লোকজন জড়িত থাকতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এদিকে নিহতের ছোট বোন নাদিরা সুলতানাও পরিবারের পক্ষ থেকে হত্যার সন্দেহ প্রকাশ করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে আটক ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গত শুক্রবার কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে এসেছিলেন মাহমুদুল ইসলাম। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে।