সারাদেশ

মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন এমপি গোলাম রসুল


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:২৬ পিএম

মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন এমপি গোলাম রসুল
ছবি: সংগৃহীত

যশোরে মাদরাসাকে কেন্দ্র করে বিরোধের জেরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিজ মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে এসে ক্ষমা চেয়েছেন যশোর-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সংসদ সদস্য গোলাম রসুল।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় তার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে দুঃখ প্রকাশ করেন তিনি।

লাইভে গোলাম রসুল জানান, তার মেয়ে অনন্যা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন এবং ভারতের হায়দরাবাদসহ দেশের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করানো হয়েছে। সাম্প্রতিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি সবার কাছে ক্ষমা চান এবং এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান।

এদিকে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, পুলিশ ইতোমধ্যে সংসদ সদস্য ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করেছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কী বলেছেন, সেটি তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম রসুলের বাসার সামনে অবস্থিত আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও একটি মসজিদে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার (২৭ জুলাই) এমপির মেয়ে অনন্যা কয়েকজন শিক্ষার্থীকে ভয়ভীতি দেখালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়।

তবে মঙ্গলবার সকালে আবারও এমপি ও তার মেয়ে মাদরাসায় গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় অনন্যা রেকসোনা নামে এক নারীর মাথায় আঘাত করেন এবং নাসির উদ্দিন নামে এক অভিভাবকের ওপরও চড়াও হন বলে অভিযোগ ওঠে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে এমপির বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি বেগতিক দেখে গোলাম রসুল ও তার মেয়ে বাড়ির ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নেন।